প্রকাশিত: Mon, Dec 12, 2022 11:33 AM
আপডেট: Mon, Jul 27, 2026 5:06 AM

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় মাহশা আমিনি

মিহিমা আফরোজ: ইরানে নারী বিক্ষোভকারীদের প্রতিনিধি হিসেবে মাহশা আমিনিকে মরণোত্তর সম্মাননা দিয়েছে মার্কিন সাময়িকী ফোর্বস। ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ১০০তম স্থানে রয়েছেন তিনি। ইরানে গত ১৩ সেপ্টেম্বর ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে মাহসা আমিনিকে গ্রেপ্তার করে দেশটির নীতি পুলিশ। এর তিন দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে অনেক নারী তাদের হিজাব পুড়িয়ে, চুল কেটে পতাকা বানিয়ে শাসক দলের চাপিয়ে দেওয়া হিজাবনীতির বিরোধিতা করেন। বিক্ষোভ দমাতে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ওপর প্রতিদিনই হামলা চালাচ্ছে।

ফোর্বসের এ তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ এবং তৃতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ ছাড়া এ তালিকায় ৪২তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর এ তালিকায় তিনি ৪৩তম স্থানে ছিলেন। সম্পাদনা: খালিদ আহমেদ